এ.কে.এম রফিকুল আলম শামীমের উদ্বোধনে চূড়খাইয়ে জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ) :
সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করার প্রত্যয়ে ময়মনসিংহের ঐতিহ্যবাহী চূড়খাই বাজারের নাজিরাবাদ স্কুল অ্যান্ড কলেজ মাঠ সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল জাকজমকপূর্ণ ‘প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় স্থানীয় ক্রীড়া ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উত্তেজনাপূর্ণ এ খেলায় শাহীন একাদশ ৩-১ গোলের ব্যবধানে তোফাজ্জল একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করেন রেজা নুর ইসলাম এবং প্রাঞ্জল ধারাভাষ্যে পুরো আয়োজন জমজমাট রাখেন সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বোর্ড অব ম্যানেজমেন্টের সম্মানিত সদস্য, বাকৃবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কৃষিবিদ এ.কে.এম আনিছুজ্জামান আনিস।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য ও ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম রফিকুল আলম শামীম।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ আনিছুজ্জামান আনিস বলেন, "মাদকমুক্ত সুন্দর ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে মাঠমুখী করতেই আমাদের এই আয়োজন। যুবসমাজকে সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া উদ্যোগ অব্যাহত থাকবে।"
১২নং ভাবখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ হাবিবুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালী থানা বিএনপির সদস্য মোঃ আব্দুল লতিফ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বোরহান উদ্দিন, মোঃ কামাল উদ্দিন, সার্জেন্ট (অব:) মোঃ আনোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা মোঃ জাকির হোসাইন ও সমাজসেবক মোঃ রাজিব মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতাটির সার্বিক আয়োজনে ছিলেন মোঃ শাহীন ও মোঃ তোফাজ্জল। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হাবিবুর রহমান (হবি) এবং মহাখালী বাস টার্মিনালের সাবেক সহ-সভাপতি হাজী মোঃ চাঁন মিয়া।
খেলা দেখতে স্থানীয় হাজারো ফুটবলপ্রেমী দর্শক মাঠে ভিড় জমান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিজয়ী শাহীন একাদশের হাতে পুরস্কার হিসেবে একটি খাসি তুলে দেন অতিথিরা। একই সাথে আয়োজনের সফলতায় বিশেষ ভূমিকা রাখা অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ জাতীয় আরো খবর..